Published : 15 Jun 2015, 05:40 PM
মোবাইল কোর্ট আইনের তফসিলের ২৯ নম্বর ধারা সংশোধন করে সেখানে ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩’ অন্তর্ভুক্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তফসিলের ধারা সংশোধন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খানের স্বাক্ষরে ১১ জুন আদেশ জারি হয়েছে।
নিরাপদ খাদ্য আইনের আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দিতে আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে এই আইনের তফসিল সংশোধন করল সরকার।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এর আগেই সাংবাদিকদের জানিয়েছেন, দেশের বিভিন্ন আদালতকে নিরাপদ খাদ্য আদালত হিসাবে ঘোষণা দিয়ে গেজেট জারি করা হবে। মোবাইল কোর্টে বিচার করা হবে ৩৩টি ধারায়।
গত ১ ফেব্রুয়ারি থেকে নিরাপদ খাদ্য আইন কার্যকর করেছে সরকার, যাতে খাদ্যে ভেজালের জন্য পাঁচ বছর কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানোর দায়ে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড এবং ২০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রেখে ২০১৩ সালের ৭ অক্টোবর জাতীয় সংসদে বিলটি পাস হয়।