Published : 13 Jul 2026, 01:53 AM
দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ‘ব্লু চিপস’ খ্যাত ডিএস৩০ সূচক থেকে বাদ পড়েছে কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি ও লিন্ডে বাংলাদেশ লিমিটেড।
এ সূচকে নতুনভাবে যুক্ত হয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম), দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ও পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।
অর্ধবার্ষিক মূল্যায়ন শেষে ডিএসইর সূচক কমিটি এ পূণর্বিন্যাস করে, যা রোববার ডিএসইর ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছে।
ডিএসইতে তালিকাভুক্ত চার শতাধিক কোম্পানির মধ্যে লেনদেন, মুনাফা ঘোষণা ও শেয়ার সংখ্যার ভিত্তিতে শীর্ষস্থানীয় ৩০টি কোম্পানিকে এ সূচকে স্থান দেওয়া হয়েছে। এসব কোম্পানির উপর অনেকটা বাজারের গতি প্রকৃতি নিয়ন্ত্রিত হয়।
প্রতি ছয় মাস পর পর কোম্পানিগুলোকে মূল্যায়ন করে ডিএসই সূচক কমিটি। কোনো কোম্পানি নির্দিষ্ট মানদণ্ডে না থাকতে পারলে সেটিকে বাদ দেওয়া হয় এবং অপেক্ষাকৃত ভালো কোম্পানিকে তালিকায় যোগ করা হয়।