২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষা ছাড়া ভর্তির নীতিমালা কেন কর্তৃত্ববহির্ভূত নয়: হাই কোর্ট

পরীক্ষা ছাড়াই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালার আটটি ধারা কেন ‘আইনগত কর্তৃত্ববহির্ভূত’ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 01:18 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ সোমবার এই রুল জারি করে।

ইউনুছ আলী নিজেই তার আবেদনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

আদেশের পর ইউনুছ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষা সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে আদালত।

বিগত কয়েক বছরের মতো এবারও মাধ্যমিকের ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নিয়ম রেখে শিক্ষা মন্ত্রণালয় গত ১ জুন এই নীতিমালা প্রকাশ করে। এর ভিত্তিতে বাংলাদেশের সব সরকারি-বেসরকারি কলেজে ৬ জুন থেকে ভর্তি কার্যক্রমও শুরু হয়েছে।

ইউনুছ আলীর আবেদনে বলা হয়, ওই নীতিমালার আটটি ধারা সংবিধানের ৭, ২৬,২৭, ২৮, ৩১, ৪০, ১৯ অনুচ্ছেদের সঙ্গে ‘সাংঘর্ষিক’ এবং ২০১০ সালের জাতীয় শিক্ষা নীতিমালার অধ্যায় ৪ এর ‘পরিপন্থী’।

মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত কেবল রুল জারি করেছেন, কোনো স্থগিতাদেশ দেননি। সুতরাং ওই নীতিমালা অনুযায়ী ভার্তি কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা নেই।”

ইউনুছ আলী তার আবেদনে পরীক্ষা ছাড়াই ভর্তির নিয়মসহ নীতিমালার আটটি ধারার কার্যকারিতা স্থগিতের নির্দেশ চেয়েছিলেন। তবে এ বিষয়ে আদালত কোনো আদেশ দেয়নি।  

নীতিমালার ২.১ ধারায় বলা হয়েছে, ২০১৩ সালের আগে যারা এসএসসি পাস করেছে তাদের এবার কলেজে ভর্তি করা হবে না।

৩.১ ধারায় বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোনো বাছাই বা পরীক্ষা হবে না। এসএসসির ফলের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চলবে।

এলাকা ভিত্তিতে কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কী অনুপাতে কোটা নির্ধারিত হবে, তা বলা হয়েছে ৩.২ ও ৩.৩ ধারায়।

৪.২ ধারায় বলা হয়েছে, অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী টেলিটকের মাধ্যমে ১৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বোচ্চ পাঁচটি কলেজে পছন্দক্রম দিতে পারবে।

আর অনলাইন আবেদন বা এসএমএস পাওয়ার পর কলেজগুলো এই নীতিমালা অনুযায়ী আসন সংখ্যার সমান সংখ্যক ভর্তিযোগ্য প্রার্থীর মেধাক্রম নিজেদের ওয়েব সাইট ও নোটিস বোর্ডে প্রকাশের ব্যবস্থা করবে বলে ৫.৩ ধারায় বলা হয়েছে।

৯.১ ধারায় বলা হয়েছে, এই নীতিমালা দেশের সব সরকারি বা বেসরকারি কলেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

৯.৩ ধারায় মন্ত্রণালয় বলেছে, এই নীতিমালার কোনো ব্যত্যয় হলে বেসরকারি প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও এমপিও বাতিল করা হবে এবং সরকারি কলেজের ক্ষেত্রে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।

এই আটটি ধারা ‘সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ দাবি করে ইউনুছ তার আবেদনে বলেন, সংবিধানের ১৯ অনুচ্ছেদ অনুযায়ী দেশের সকল নাগরিক সমান সুযোগ পাবে। আর ২৬ অনুচ্ছেদ অনুসারে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো নিয়ম করা যাবে না। ২৭ অনুচ্ছেদেও সকল নাগরিকের সমান অধিকারের কথা বলা আছে।

এছাড়া ২৮ অনুচ্ছেদে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে কোনো নাগরিককে ‘অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীনে’ আনা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে। ৪০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নাগরিককে পেশা গ্রহণে বাধা দেওয়া যাবে না।

এরই মধ্যে ওই নীতিমালা চ্যালেঞ্জ করে হাই কোর্ট থেকে স্থগিতাদেশ পেয়েছে ঢাকার নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজ কর্তৃপক্ষ। চেম্বার আদালতও ওই আদেশ বহাল রেখেছে।

হাই কোর্টের একটি বেঞ্চ ওই তিন কলেজের ক্ষেত্রে নীতিমালার কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছে। ফলে এসব কলেজে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তিতে বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন। 

পুরনো খবর:

কলেজে ভর্তির নীতিমালার বিরুদ্ধে রিট আবেদন