ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে ভোগান্তি
চার লেইন সম্প্রসারণ কাজের জন্য একপাশ বন্ধ থাকার মধ্যেই সীতাকুণ্ড উপজেলার কুমিরায় একটি কভার্ড ভ্যান বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে দুর্ভোগ দেখা দিয়েছে।
কুমিরা থেকে বড় দারোগার হাট পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে রোববার রাত থেকে যানবাহনের জট লেগে আছে বলে মহাসড়ক পুলিশের কুমিরা ফাঁড়ির পরিদর্শক জিল্লুর রহীম জানান।
চট্টগ্রাম জেলার ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) মীর গোলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে মহাসড়কের এক পাশ বন্ধ করে দেওয়া হয়। এছাড়া পন্থিছিলা বটতল ও কুমিরা এলাকায় দুটি কভার্ড ভ্যান বিকল হলে যানজট ভয়াবহ রূপ নেয়।
“এতদিন চার লেইনের ওই অংশ দিয়ে যানবাহন চললেও রোববার রাতে দুটি লেইন বন্ধ করে দেওয়া হয়। ফলে এক পাশে যানবাহনের চাপ বেড়ে যায়। ওই দুই লেইন থেকে অনেক গাড়ি ঘুরিয়েও দিতে হয়েছে।”
সীতাকুণ্ড থেকে শহরগামী একটি বাসের যাত্রী কৃষ্ণচন্দ্র দাশ জানান, যানজটের কারণে নগরপরিবহনের পাশাপাশি ঢাকাগামী যানবহনগুলো স্থির হয়ে আছে। ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেইনে সম্প্রসারণ কাজের (৫) প্রকল্প ব্যবস্থাপক আরুণ আলো চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লেইন দুটি দিয়ে যান চলাচল করলেও পুরোপুরি কাজ শেষ হয়নি। তাছাড়া দুই দিনের বৃষ্টিতে অনেক স্থানে পানি জমে গেছে। এসব স্থান সংস্কারের জন্যই লেইন বন্ধ রাখতে হয়েছে।”
অতিরিক্ত পুলিশ নিয়ে মহাসড়ক ও থানা পুলিশ যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ট্রাফিক পরিদর্শক গোলাম ফারুক জানান।
