হরিণাকুণ্ডুতে ‘চরমপন্থী’ গ্রেপ্তার
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
হরিণাকুণ্ডু থানার ওসি এরশাদুল কবীর চৌধুরী জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পোলতাডাঙ্গা গ্রাম থেকে আসাদুল ইসলাম নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসাদুলের বাড়ি উপজেলার গোপিনাথপুর গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “আসাদুল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ ক্যাডার। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।”
আসাদুলকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।
