২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলা: বাদীর সাক্ষ্য বাতিলে হাই কোর্টে খালেদার আবেদন

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর দেওয়া সাক্ষ্য বাতিল করে নতুন করে সাক্ষ্যগ্রহণের জন্য হাই কোর্টে আবেদন করেছেন বিএনপিনেত্রী খালেদা জিয়া।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 11:33 AM

Updated : 22 Aug 2022, 12:36 PM

সেইসঙ্গে আদালতের কাছে রুল চেয়ে তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত রাখার আবেদন করেছেন তিনি। 

খালেদার পক্ষে তার আইনজীবী রোববার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই ‘ফৌজদারি রিভিশন’ দায়ের করেন।

বিষয়টি সোমবার বিচারপতি মো. মঈনুল ইসলাম ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চে উঠলেও খালেদার আইনজীবীদের আবেদনে শুনানি পিছিয়ে যায়।  

খালেদার আইনজীবী ব্যারিস্টার সানজীদ সিদ্দিকী এ সপ্তাহে শুনানি না করে সময়ের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে।

সানজীদ সিদ্দিকীর সঙ্গে শুনানিতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। আদেশের পর তারা জানান, আগামী সপ্তাহে বিষয়টি আবারও কার্যতালিকায় আসবে।

সোয়া পাঁচ কোটি টাকা দুর্নীতির অভিযোগে খালেদার বিরুদ্ধে জিয়া এতিমখানা ও জিয়া দাতব্য ট্রাস্ট মামলার বিচার চলছে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে। এর মধ্যে এক মামলায় বাদী দুদক কর্মকর্তা হারুনুর রশিদের সাক্ষ্যগ্রহণও শেষ হয়েছে।

বার বার তাগিদ দেওয়ার পরও জামিনে থাকা খালেদা নির্ধারিত দিনে আদালতে না আসায় পাঁচ দিন আসামির অনুপস্থিতিতেই বাদীর সাক্ষ্য শোনে আদালত। এ বিষয়টি উল্লেখ করে গত ২৫ মে জজ আদালতে হারুনুর রশিদের সাক্ষ্য বাতিলের আবেদন জানান খালেদার আইনজীবীরা।

ওইদিন শুনানি শেষে বিচারক আবু আহমেদ জমাদার আসামিপক্ষের আবেদন খারিজ করে দিয়ে দুই মামলায় বাদীর জেরা ও পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৮ জুন দিন ঠিক করে দেন।

জজ আদালতের ওই আদেশের বিরুদ্ধেই এবার হাই কোর্টে আবেদন নিয়ে এসেছেন খালেদার আইনজীবীরা।  

তারা বাদীর সাক্ষ্য বাতিল করে খালেদা জিয়ার উপস্থিতিতে আবারও সাক্ষ্য নেওয়ার নির্দেশ দিতে হাই কোর্টের কাছে আবেদন করেছেন।

সেই সঙ্গে ওই সাক্ষ্য কেন বাতিল করা হবে না, তা জানতে রুল চেয়ে তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত রাখার আদেশ চাওয়া হয়েছে এই আবেদনে। এতে বিবাদী করা হয়েছে দুদক ও সরকারকে।

ব্যারিস্টার এহসানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাঁচটি তারিখে খালেদা জিয়ার অনুপস্থিতিতে বাদীর সাক্ষ্য নেওয়া হয়েছে। নিয়ম হল আসামির উপস্থিতিতে সাক্ষ্য নিতে হয়। সর্বশেষ ২৫ মে সাক্ষ্য না নেওয়ার আবেদন জানানো হলে আদালত তা খারিজ করে দেয়। এ কারণেই আমরা হাই কোর্টে এসেছি।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ ২০১১ সালের ৮ অগাস্ট জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করেন। পরের বছর ১৬ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। 

তেজগাঁও থানার এ মামলায় ক্ষমতার অপব্যবহার করে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

আর জিয়া এতিমখানা ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অন্য মামলাটি দায়ের করে দুদক। এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এ মামলায়।

২০১০ সালের ৫ অগাস্ট খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেন হারুনুর রশিদ।

গতবছর ১৯ মার্চ বিএনপি চেয়ারপারসনের উপস্থিতিতে দুই মামলায় অভিযোগ গঠনের পর তার বৈধতা ও অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করেও উচ্চ আদালতে গিয়েছিলেন খালেদা জিয়া। তবে তার আবেদনগুলো আপিলেও খারিজ হয়ে যায়।