২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে হত্যা মামলায় পিতা-পুত্রের মৃত্যুদণ্ড

হত্যা মামলায় পিতা ও পুত্রকে মৃত্যুদণ্ড দিয়েছে রংপুরের একটি আদালত।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 08:29 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

রোববার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামরুজ্জামান এই রায় দেন।

দণ্ডিতরা হলেন ওসমান গণি (৭২) ও তার ছেলে মোহসীন আলী (৩৫)। মোহসীন পলাতক রয়েছেন।

এছাড়া একই মামলার অপর আসামি ওবায়দুর রহমান ও লাকী খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তারা ওসমান গণির ছেলে ও মেয়ে।

আদালতে রাষ্ট্রপক্ষের সহকারী কৌসুলি (এপিপি) আখতারুজ্জামান পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৩ সালের ২২ অগাস্ট রংপুরের পীরগঞ্জ উপজেলার একবারপুর মধ্যপাড়া গ্রামের নবীউল্লাহ (৭৫) পাশের মসজিদে ফজরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন।

বাড়ির কাছে পৌঁছলে তার আপন ভাই ওসমান গণি ও তার ছেলে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তাকে কুপিয়ে হত্যা করে।

নিহতের ছেলে খায়রুল ইসলাম বাদী হয়ে ওসমান গণি, তার ছেলে মোহসীন আলী, ওবায়দুর রহমান ও মেয়ে লাকী খাতুনকে আসামি করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

পীরগঞ্জ থানার ওই সময়ের ওসি তোজাম্মেল হোসেন একই বছরের ১৭ ডিসেম্বর চার আসামির নামে আদালতে অভিযোপত্র দেন।