২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোকান মালিককে জরিমানা, ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবি

ভ্রাম্যমাণ আদালতে এক ওষুধ ব্যবসায়ীকে ‘অন্যায়ভাবে’ জরিমানা ও ‘লাঞ্ছিত’ করার অভিযোগ তুলে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন রাজবাড়ীর ওষুধ ব্যবসায়ীরা।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 04:55 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

রোববার দুপুর থেকে তারা দোকানপাট বন্ধ রেখে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশে জরিমানাকারী ম্যাজিস্ট্রেটের অপসারণ ও বিচার দাবি করেন।

রাজবাড়ী ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সোবহান জানান, বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত মেডিসিন স্টোর নামের ওষুধ দোকানের মালিক আবু সাইদকে এক লাখ টাকা জরিমানা করে। তিনি কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা দেন এবং বাকি টাকা দিতে দেরি হওয়ায় একজন আনসার আবু সাইদকে টেনে হিঁচড়ে গাড়িতে ওঠাতে চেষ্টা করলে তার কর্মচারী টগর তাদের সঙ্গে কথা বলতে যান।

এ সময় টগরকেও পাঁচশ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। 

ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ হিটু বলেন, “ওষুধ ব্যবসায়ীকে তারা অন্যায়ভাবে জরিমানা ও লাঞ্ছিত করেছে। এ ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।”

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিতেন্দ্র কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেডিসিন স্টোর নামে ওই ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ, ভারতীয় ও পাকিস্তানি ওষুধসহ গরু মোটাতাজা করণ ট্যাবলেট পাওয়ায় দোকানের মালিক আবু সাইদকে এক লাখ টাকা জরিমানা করলে ওই পরিস্থিতির সৃষ্টি হয়।

দোকান মালিককে তিনি লাঞ্ছিত করেননি বলে দাবি করেন।