নিজের ঘরে খুন, গলিত লাশ উদ্ধার
যশোরের অভয়নগর উপজেলায় নিজের ঘর থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে আনোয়ার মোল্লার (৪৫) লাশ উদ্ধার করা হয়।
উপজেলার বাসুয়াড়ি ফাঁড়ি পুলিশের এসআই মুক্তার হোসেন জানান, গুপিনাথপুরের নির্জন এলাকার তিন কক্ষের ওই বাড়িটিতে আনোয়ার মোল্লা একাই থাকতেন।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যার পর লাশ একটি পাটিতে পেঁচিয়ে তার খাটের নিচে রেখে বাড়ির বাইরে থেকে তালা দিয়ে খুনিরা পালিয়ে গেছে।
লাশে পচন ধরায় ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
স্বজনরা পুলিশকে জানিয়েছে, আনোয়ারের তিন স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। কেউই তার সঙ্গে থাকেন না। তাদের মধ্যে এক স্ত্রী ও সন্তানরা ঢাকায় থাকেন।
এসআই মুক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন ধরে আনোয়ারকে দেখতে না পেয়ে তার স্বজনরা ওই বাসায় যান। বাইরে থেকে তালা দেওয়া বাসাটি থেকে দুর্গন্ধ পেয়ে তারা পুলিশে খবর দেন।
স্বজনদের কাছ থেকে নিহতের পরিবারের সদস্যদের ঠিকানা নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
