চট্টগ্রামের পাহাড়ে অবৈধ বসতি উচ্ছেদ শুরু
বর্ষার শুরুতেই চট্টগ্রামের পাহাড়গুলোতে ঝুঁকিপূর্ণ অবৈধ বসতি উচ্ছেদ শুরু করেছে প্রশাসন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি, সদর সার্কেল) সাইফুল ইসলামের নেতৃত্বে রোববার বেলা পৌনে ১২টা থেকে নগরীর লালখানবাজার এলাকার মতিঝর্ণা পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ শুরু হয়।
বেলা ১টা পর্যন্ত মতিঝর্ণা পাহাড়ে ঝুঁকিপূর্ণ ছয়টি বসতি উচ্ছেদ করা হয় বলে জানান তিনি।
সহকারী কমিশনার বলেন, স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি পানি-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজও চলছে।
জেলা প্রশাসনের হিসেবে নগরীর ২৫টি পাহাড়ে ৬৬৬টি পরিবার ঝুঁকি নিয়ে বাস করছে। তাদের উচ্ছেদে প্রশাসনের এ অভিযান।
প্রশাসনের কর্মকর্তারা জানান, পাহাড়ে অধিক ঝুঁকিপূর্ণদের উচ্ছেদের পাশাপাশি তাদের পুনর্বাসনের দিকটিও ভাবা হচ্ছে। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় তারা যাতে পুনরায় বসতি গড়তে না পারে সেদিকেও নজরদারি রাখা হবে।
চট্টগ্রামের সরকারি-বেসরকারি পাহাড়গুলোতে প্রভাবশালীদের সহায়তায় নিম্ন আয়ের লোকজন অবৈধভাবে বসতি গড়ে তোলে। প্রতি বছরই চট্টগ্রামে পাহাড় ও মাটি ধসে বিভিন্ন এলাকায় লোকজন মারা যায়।
২০০৭ সালের ১১ জুন অধিক বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পাহাড়, দেয়াল ও মাটি ধসে ১২৭ জন মারা গিয়েছিল।
