স্বাক্ষরে ইতিহাস বিকৃতি রোধ আইন প্রণয়নের দাবি
স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে একটি আইন করার দাবিতে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে ফেইসবুকের একটি ইভেন্টের আয়োজকরা।
‘জেনোসাইড ডিনায়েল ল’ নামে ওই আইনের দাবিতে বিশ্ববিদ্যালয় গুলোতে প্রাথমিকভাবে শিক্ষার্থীদের স্বাক্ষর সংগ্রহ করা হবে।
একই দাবিতে শনিবার বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধনের আয়োজন করা হয়।
ফেইসবুকে ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে জেনোসাইড ডিনায়েল ল চাই’ নামে ওই ইভেন্টের হোস্ট ব্লগার মাহমুদুল হক মুন্সি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী বুধবার থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ দাবির পক্ষে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই স্বাক্ষর অভিযান শুরু হবে। ক্রমান্বয়ে দেশের সব বিশ্ববিদ্যালয়ে আমরা যাব। শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হবে।”
দাবি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে মাহমুদুল হক মুন্সি বলেন, “বিভিন্ন সময় বিভিন্ন জন কিংবা কোন কোন রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের সময় শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করেন। পৃথিবীর বিভিন্ন দেশে, যেখানে গণহত্যা হয়েছে সেসব জায়গায় এ ধরনের প্রশ্ন তোলা শাস্তিযোগ্য অপরাধ।”
“আমরা চাই, আমাদের দেশেও এ ধরনের একটি আইন হোক। এদেশের মুক্তিযুদ্ধ ও তার ইতিহাসকে বিকৃত করবে, এমন ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ আইন কাজ করবে।
“কেউ যেন আর কখনও আমাদের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা, মুক্তিবাহিনীর কর্মকাণ্ড অথবা একাত্তরে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের কুকীর্তি সম্পর্কে অসত্য বক্তব্য না রাখতে পারে- এই আইনে এমন অপরাধের বিচার করা যাবে।”
গত ৯ জুন একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি সমাবেশ হয়েছিল বলেও জানান মাহমুদুল হক।
