২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারিবারিক সহিংসতা রোধে আইনের প্রচার চাই

পারিবারিক সহিংসতা রোধে আইন কার‌্যকর হলেও তার সুফল পৌঁছে দিতে জনসচেতনতা ও ব্যাপক প্রচার চালানো প্রয়োজন বলে মত দিয়েছেন একটি সেমিনারের বক্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 09:55 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ‘আনোয়ারা বেগম, মুনিরা খান মিলনায়তনে’ পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ বাস্তবায়ন বিষয়ে প্যানেল আইনজীবীদের সঙ্গে এই সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আইনটি একটি সুরক্ষা ও প্রতিরোধমূলক আইন। পরিবারে নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিতে এটি চমৎকার আইন। তবে আইনটি সর্ম্পকে অনেকেই জানেন না। তাই আইনটি সম্পর্কে জানাতে ব্যাপক প্রচার-প্রচারণা প্রয়োজন।

মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনটির মূল দৃষ্টি বিরোধ নিষ্পত্তি ও সংক্ষুব্ধ ব্যক্তির জন্য সহযোগিতা।

“অভিজ্ঞতায় দেখছি, এই আইনটি প্রয়োগের জন্য যে শিক্ষা, রুচি, সচেতনতা, দৃষ্টিভঙ্গি, জীবনবোধ, যে সমাজিক সংস্কৃতি দরকার সেখানে আমরা একটু পিছিয়ে আছি।”

আইনজীবীসহ সবাইকে নারী নির‌্যাতন প্রতিরোধে কাজ করার আহ্বান জানান তিনি।     

সভার উদ্দেশ্য তুলে ধরে উদ্বোধনী পর্বে পরিষদের সহ-সাধারণ সম্পাদক আইনজীবী মাসুদা রেহানা বেগম বলেন, “সাধারণত মামলা করতে আমরা পুলিশের কাছে যাই। কিন্তু এই আইনে প্রয়োগকারী কর্মকর্তা রয়েছে।

“এতদিন পর‌্যন্ত মানসিক নির‌্যাতনের জন্য কোনো আইন ছিল না। এই আইনে প্রতিকার পেতে আদালতে যেতে পারবে।...সাধারণ লোক আইনটি সম্পর্কে জানেই না। সেই সচেতনতার জায়গাটাতে যেতে হবে।”

দ্বিতীয় পর্বে আইনের বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদের  অ্যাডভোকেসি অ্যান্ড লবি পরিচালক মাকছুদা আখতার।

তিনি বলেন, “আইনটি ২০১০ সালে হয়েছে। ২০১৩ সালে বিধিমালা হয়। এই আইনে নারী ও শিশুদের সুরক্ষা ও প্রতিকারের সুযোগ আছে। ঘটনা ঘটনার সম্ভবনা থাকলেও প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে।”

অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন জেলা থেকে আসা প্যানেল আইনজীবীরা।