২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা, সৎমা আটক

গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে সৎমায়ের বিরুদ্ধে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 12:43 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

শনিবার সকালে উপজেলার আউচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাদিয়া আলম (১৩) ওই এলাকার ব্যবসায়ী সফিউল আলমের স্ত্রী। টঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।

এ ঘটনায় সফিউলের দ্বিতীয় স্ত্রী শাকিলা জাহানকে আটক করেছে পুলিশ।

টঙ্গী থানার ওসি মোহাম্মদ আলী জানান, ব্যবসায়ী সফিউল আলম মেয়ে সাদিয়া আলম ও দ্বিতীয় স্ত্রী শাকিলা জাহানকে নিয়ে টঙ্গীর আউচপাড়া এলাকায় ভাড়া থাকেন। প্রায় এক বছর আগে শাকিলাকে বিয়ে করেন সফিউল।

তিনি বলেন, সম্প্রতি তাদের দাম্পত্য কলহ চলছিল। এর জেরে শনিবার ভোরে সফিউল হাঁটতে বের হলে ঘুমন্ত সাদিয়াকে ধারালো অন্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় শাকিলা। এতে ঘটনাস্থলেই সাদিয়া মারা যায়। পরে সফিউল বাসায় এসে মেয়ের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাদিয়ার লাশ, রক্তমাখা চাপাতি উদ্ধার এবং শাকিলাকে আটক করেছে।”

দাম্পত্য কলহের জেরে বেশ কিছুদিন ধরে সফিউলের প্রথম স্ত্রী টঙ্গীর বাস্তুহারা এলাকায় আলাদা থাকেন বলে জানান ওসি।