বাসে ট্রাকের ধাক্কা, কিশোর নিহত
যশোরে বাসে ট্রাকের ধাক্কায় বাসযাত্রী এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে তার মাসহ আরও দুইজন।
শনিবার সকালে সদর উপজেলার হুদা রাজাপুরের নঙ্গরপুর মোড়ে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত প্রিয়াস (১৩) বাঘার পাড়া উপজেলার গরীবপুর গ্রামের আবুল খয়েরের ছেলে।
আহতরা হলেন, প্রিয়াসের মা ববিতা (৩৫) ও সদর উপজেলার ফরিদপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী রোজিনা বেগম (৩৮)। তাদের যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর উপজেলার খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক মাসুদ হোসেন জানান, সকালে ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস নঙ্গরপুর মোড়ে পৌঁছালে মাটিবাহী এবটি ট্রাকে বাসে ধাক্কা দেয়।এতে বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই বাসযাত্রী প্রিয়াস মারা যায়। আহত হয় তার মাসহ দুইজন।
যশোর সদর হাসপাতালের চিকিৎসক ডা.মনিরুজ্জামান বলেন, আহতদের মধ্যে ববিতাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
