‘জাতির দুর্যোগে পথ দেখানো কবিই কালের সাক্ষী’
জাতির দুর্যোগে পথ দেখানো কবিই কালের সাক্ষী হয়ে থাকেন বলে মন্তব্য করেছেন কবি আল মাহমুদ।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম শহরের পাঠকের মুখোমুখি হয়ে বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক এই কবি বলেন, কবি জাতিকে স্বপ্ন দেখায়। প্রেমের স্বপ্ন, সুখের স্বপ্ন, ভালবাসার স্বপ্ন কবি দেখিয়ে থাকেন তার কালকে।
“সমকালে জাতির দুর্যোগে কবি জাতিকে পথ দেখান, দিশা দেন। সে জন্য জাতির দুর্যোগে দিশা দেখানো কবিই তার কালের সাক্ষী হয়ে থাকেন। কবি কালের সাক্ষী, সময়ের সাক্ষ্য সে দেয়; সাক্ষ্য দেয় ভবিষ্যতেরও।”
বইবিতান বাতিঘর আয়োজিত ’অমার জীবন, আমার রচনা’ শীর্ষক এই অনুষ্ঠান পরিচালনা করেন কবি ও সাংবাদিক ওমর কায়সার।
“ওমুক যুগে ওমুক কবি ওমুক কথাটি বলে গেছেন- এভাবে সমকালের কবিকে উত্তরকাল বিচার করে থাকে। তাই দেখা যায় কবিকেই শেষ পর্যন্ত অনাদিকালের সাক্ষী মানতে হয়। কালের সাক্ষ্য হিসেবে কবির লেখনি গ্রহণ করতে হয়”, বলেন কবি আল মাহমুদ।
কবি সত্যবাদী না হলেও মিথ্যেবাদী হতে পারেন না মন্তব্য করে তিনি বলেন, “আপনারা বলেন কবি তো স্বপ্নের মধ্যে চলাফেরা করেন, সাঁতার কাটেন, তাই তার উপর ভরসা রাখা যায় না।
“কিন্তু ইতিহাস যখন চলতে চলতে খেই হারিয়ে ফেলে তখন দেখা যায় ওই কবির বড় প্রয়োজন হয়।”
সৃজনশীল কাজকর্মের মধ্যে একটা ঐকতান থাকা দরকার উল্লেখ করে সোনালী কাবিন খ্যাত এই নাগরিক কবি বলেন, সৃজনশীল কর্ম মানবজাতির উত্থান-পতনের সাথে সম্পৃক্ত হয়ে যায়।
“কবি স্বপ্ন রচনা করেন, মোহগ্রস্ত করে ফেলেন মানুষকে। কবির উচ্চারণে মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যায় রূপান্তরে এক বিপুল ক্ষমতা রয়েছে।”
মানুষকে চিন্তা করবার শক্তি যোগায় বলে সাহিত্যের প্রয়োজন আছে মন্তব্য করে তিনি বলেন, সাহিত্য ধুলোয় লুণ্ঠিত মানুষকে রাজা বানায়। আবার রাজাকেও ধুলোয় লুটিয়ে দিতে পারে একই সাহিত্য।
শিল্পের সাধনায় যারা আসতে চান তাদেরকে দুঃখ-কষ্ট ভোগের মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বাংলাদেশের সামাজিক নানা পট পরিবর্তনের সাক্ষী আশির কোঠায় পা রাখা এই কবি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা, নাট্যকর্মী ও গায়ক শান্তনু বিশ্বাস ও নাট্যকর্মী দুলাল বিশ্বাস।
