২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

গাজীপুরে কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস আরোহী দুবাই ফেরত এক প্রবাসী ও তার এক ছেলের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 10:35 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসের চালকসহ পাঁচজন, যাদের চারজনই ওই প্রবাসীর পরিবারের সদস্য।

শুক্রবার বিকালে কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকার রেলওভার সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে কলে গোড়াই হাইওয়ে থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান।

নিহতরা হলেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার দেবীছাওল গ্রামের সবুজ মিয়া (৩৫) ও তার ছেলে সজল হোসেন (১০)।

সবুজ মিয়া দুবাই থেকে শুক্রবার দেশে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে ফিরছিলেন।

দুর্ঘটনায় সবুজের স্ত্রী মনিকা বেগম (৩০), তার ছেলে শান্ত হোসেন  (৭), বোন সাথী আক্তার (২৫), ভগ্নিপতি মুকলেছুর রহমান (৩৬) ও মাইক্রোবাসচালক মাসুদ রানা (৩৫) আহত হয়েছেন।

ওসি হুমায়ুন জানান, সবুজ দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন। পরে পরিবারের সদস্যরা একটি মাইক্রোবাস যোগে তাকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকায় রেলওভার সেতুর পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।

এতে মাইক্রোবাসের চালকসহ সাত যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইলের কুমোদিনী হাসপাতালে নেওয়ার পর সবুজ মিয়া এবং তার ছেলে সজলের মৃত্যু হয়।