২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিপিএ-৫ এর নির্যাতনে শিশুরা: সংস্কৃতিমন্ত্রী

পরীক্ষায় জিপিএ-৫ এর ‘নির্যাতনের’ কারণে শিশুদের সৃজনশীলতার বিকাশ ঘটছে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 08:01 PM

Updated : 12 Oct 2022, 03:49 PM

শুক্রবার বাংলা একাডেমি প্রাঙ্গনে ‘এই বর্ষায়’ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

সংস্কৃতিমন্ত্রী বলেন, “পরীক্ষায় জিপিএ-৫ পেতেই হবে, এই জিপিএ-৫ কে আমি জিপিএ নির্যাতন বলি। এই নির্যাতনের জন্যই বিনোদনের জায়গা থেকে বিচ্যুৎ হয়ে যাওয়ায় তাদের সুকুমার বৃত্তিগুলো ঠিকমতো প্রস্ফুটিত হচ্ছে না।

“আমাদের বাচ্চারা বর্তমানে ফার্মের মুরগি, শুধু স্কুল আর পড়াশুনা ছাড়া কোনোটাই তারা ভাবতে পারে না, কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশ নেয় না। তবে এজন্য দায়ী আমরা, আমাদের পরিবারগুলো।”

আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর বলেন, পরীক্ষায় জিপিএ-৫ ছাড়াই অনেক ভালো কিছু করা যায়।

এর উদাহরণ হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসান ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের কথা তুলে ধরে তিনি বলেন, “আপনাদের-আমার প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান পরীক্ষায় কি জিপিএ-৫ পেয়েছিল? শিল্পী মমতাজ কি জিপিএ-৫ পেয়েছিল? পায় নাই।

“কিন্তু সাকিব আমাদের সবার প্রিয় ক্রিকেটার। আবার মমতাজ কিন্তু জিপিএ-৫ পায় নাই। দেখা যায় এই মমতাজ কোনো মঞ্চে গান গাইলে পাঁচ লক্ষ টাকা পান।”

বর্তমানে শিশু শিক্ষার বইয়ে অনেক কিছু পরিবর্তিত হয়েছে মন্তব্য করে সংস্কৃতিমন্ত্রী বলেন, “আমাদের সময়ে শিশু শিক্ষা বইয়ে মানবিক ও নৈতিকতা শেখার অনেক কিছুই ছিল, এখন নেই।”

বর্ষার আগমন উপলক্ষে এই উৎসবের আয়োজন করে গ্রে অ্যাডভারটাইজিং ও ওয়াটার এইড।

দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনের মধ্যে গান, নাটক, সিনেমা, ছবি আঁকার পাশাপাশি কাবাডি প্রতিযোগিতাও ছিল। এছাড়া খিচুড়িসহ বর্ষার দিনের নানা খাবার ও পিঠার আয়োজন করা হয়।

বাংলা একাডেমির ভারপ্রাপ্ত পরিচালক মো. আলতাব হোসেন, ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর খাইয়ুল ইসলাম ও গ্রে অ্যাডভারটাইজিংয়ের ব্যস্থাপনা পরিচালক গাউসুল আলম শাওন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।