২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লাক্সের ভেতর মিলল প্রায় দেড় কেজি সোনা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তির ব্যাগে থাকা ফ্লাক্সের ভেতর থেকে প্রায় দেড় কেজি ওজনের ১৭০টি সোনার টুকরো উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 06:03 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

এমদাদুল হালাত খান নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে ঢাকা কাস্টমসের যুগ্ম-কমিশনার এসএম সোহেল রহমান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে এমদাদুলের ব্যাগ স্ক্যান করার সময় তাতে একটি ফ্লাক্সের ভেতর কিছু রয়েছে বলে সন্দেহ হয়।

“তখন ফ্লাক্সটি ভাঙা হলে ভেতরে ১৭০ টুকরো সোনা পাওয়া যায়। এক কেজি ৩৯৫ গ্রাম ওজনের ওই সব সোনার আনুমানিক বাজার দর ৭০ লাখ টাকা।”

কাস্টমস কর্মকর্তা সোহেল বলেন, এমদাদুল শারজাহ থেকে বৃহস্পতিবার ঢাকায় আসেন। শুক্রবার বিমানবন্দর থেকে তার ব্যাগ নিতে আসলে স্ক্যান করার সময় এসব সোনা ধরা পড়ে।