২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাটিচাপা নবজাতকের লাশ, নানি আটক

ঝিনাইদহ সদরে মাটিচাপা দেওয়া এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে তার নানির ঘরের মেঝে খুঁড়ে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 03:15 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

শুক্রবার সকালে কাশিপুর গ্রামে এ ঘটনার পর শিশুটির নানিকে আটক করেছে পুলিশ।

ঝিনাইদহ সদর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, ২৩ দিন বয়সী রেদোয়ানের দেহ ঘরের খাটের নিচে মাটিতে কোমর পর্যন্ত পুঁতে রাখা হয়েছিল। তার উপরে ধান ছড়িয়ে ঢাকা দেওয়া ছিল বলে স্বজনরা পুলিশকে জানিয়েছে।

শিশুটির নানিকে (৪৮) সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে, কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে এখনও তা জানা যায়নি, বলেন ওই পুলিশ কর্মকর্তা।

শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।

নিহত রেদোয়ান সদর উপজেলার উদয়পুর গ্রামের রঞ্জু মিয়ার ছেলে। রেখা খাতুন ও রঞ্জু মিয়ার প্রথম সন্তান ছিল শিশুটি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২০ মে জেলা সদর হাসপাতালে শিশুটির জন্ম হয়। পরে হাসপাতাল থেকে সন্তানকে নিয়ে সরাসরি বাবার বাড়িতে ওঠেন রেখা।

বৃহস্পতিবার রাতে শিশুটিকে পাশে নিয়ে রেখা ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে সন্তানকে না দেখে রেখা কান্নাকাটি করলে সবাই টের পেয়ে শিশুটিকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে।

“পরে পাশের ঘরের মেঝেতে ধান ছড়িয়ে রাখা দেখে সবার সন্দেহ হয়। রাত ৪টার দিকে ধান সরিয়ে গর্তের ভিতর কোমর পর্যন্ত পুঁতে রাখা লাশটি দেখে পুলিশে খবর দেওয়া হয়।”

শুক্রবার সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান ওসি।