২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে রিকশাচালকের মৃত্যু

চুয়াডাঙ্গা সদরে রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 12:11 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের এএসআই খোরশেদ আলম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে বেলগাছি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসমান আলীর (৪০) বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের মুসলিম পাড়ায়।

স্থানীয়দের বরাত দিয়ে এএসআই খোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতের বেলা গরমের কারণে বাড়ির পাশে ‘রেল লাইনের ওপরে বিশ্রাম নিতে গিয়ে’ ঘুমিয়ে পড়েন আসমান।

“ওই সময় সৈয়দপুর-খুলনাগামী ডাউন রকেট মেইল ট্রেন ওই পথ দিয়ে গেলে আসমানের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।”

বাস উল্টে আহত ১৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় শুক্রবার সকালের দিকে রাস্তায় পড়ে থাকা ইটভাটার কাদায় পিছলে একটি যাত্রীবাহী বাস উল্টে ১৫ জন আহত হয়েছেন।  

সকাল সাড়ে ৭টার দিকে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে দামুড়হুদা থানার এসআই কামাল হোসেন জানান।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান জানান, আহত ১৫ জনের মধ্যে চারজনের আঘাত ‘গুরুতর’ হওয়ায় তাদের ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।

ওই চার জন হলেন- শহরের সবুজ পাড়ার লিটন বিশ্বাস (৪০), পৌর এলাকার কেদাগঞ্জের আশরাফুল ইসলাম (৩৫), জীবননগর উপজেলার লিটন হোসেন (৪৫) ও দামুড়হুদার জয়রামপুর গ্রামের আরজিনা বেগম (৩৫)।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলের পাশে বেশ কয়েকটি ইটের ভাটা রয়েছে। ভাটাগুলোতে ট্রাক্টরে করে মাটি নিয়ে যাওয়া হয়। ওই মাটির কিছু অংশ ট্রাক্টর থেকে রাস্তায় পড়ে ছিল। ভোরের দিকে বৃষ্টির কারণে তা কাদা হয়ে পথ পিচ্ছিল হয়ে যায়।  

সকালে ফাইম ফয়সাল পরিবহনের বাসটি চুয়াডাঙ্গা থেকে দর্শনার দিকে যাওয়ার পথে ওই রাস্তায় চাকা পিছলে উল্টে পড়ে বলে এসআই কামাল জানান।