চিকিৎসকদের তিন বছর গ্রামে রাখার পরিকল্পনা রয়েছে: নাসিম
চিকিৎসকদের তিন বছর গ্রামে চাকরি বাধ্যতামূলক করার বিষয়টি সরকারের পরিকল্পনায় রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।
বিকালে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে অধিবেশনের শুরুতে নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সরকার দলীয় সাংসদ এম আব্দুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সদ্য নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের গ্রামে দুই বছর চাকরি করার বাধ্যবাধকতার বিষয়টি কঠোরভাবে কার্যকর রয়েছে।
“তাছাড়াও জনস্বার্থে গ্রামের হাতপাতালগুলোতে ডাক্তারদের চাকরি করা বাধ্যতামূলকভাবে দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করার পরিকল্পনা সরকারের রয়েছে।”
তিনি জানান, সদ্য নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের ঢাকামুখী হওয়ার বিষয়টি আংশিক সত্য, তবে গ্রামে নিয়োগ পাওয়ার দুই বছর পূর্ণ হওয়ার পর ডাক্তারদের বদলির আবেদন বা উচ্চ শিক্ষার জন্যে প্রেষণের আবেদন বিবেচনা করা হয়।
লাইসেন্সবিহীন ওষুধের দোকানের পরিসংখ্যান নেই
আ ফ ম বাহাউদ্দিনের (নাছিম) প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে লাইসেন্সধারী ওষুধের দোকানের সংখ্যা প্রায় এক লাখ ১৮ হাজার। লাইসেন্সবিহীন ওষুধের দোকানের পরিসংখ্যান এই মুহূর্তে সরকারের কাছে নেই।
তবে লাইসেন্সবিহীন দোকান পরিদর্শনের মাধ্যমে তালিকা তৈরি করে ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পাঠানোর জন্য নির্দেশ দেওয়ার কথা জানান মন্ত্রী।
“লাইসেন্সবিহীন দোকানের ব্যাপারে সরকার সচেতন রয়েছে। ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে এ ব্যাপারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। লাইসেন্সবিহীন দোকানের অস্তিত্ব নজরে আসামাত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
মো. মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে প্রায় সব ধরনের ওষুধ উৎপাদিত হয়। স্থানীয় চাহিদার ৯৭ ভাগ পূরণ করে ওষুধ রপ্তানি হচ্ছে।
২০১৪ সালে ৯২টি দেশে ৭৩৩ কোটি ২৭ লাখ টাকার ওষুধ রপ্তানি হয় বলে জানান তিনি।
ডাক্তারদের কমিশন বাণিজ্য অনৈতিক
সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরীর প্রশ্নের জবাবে নাসিম জানান, রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকদের কমিশন নেওয়া সম্পূর্ণ অনৈতিক ও পেশাগত আচারণ বিধির পরিপন্থি।
এ ধরনের অভিযোগের বিষয় অনুসন্ধানপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
