গাজীপুরে ৩৪ জামায়াত-শিবির নেতাকর্মী আটক
গাজীপুর শহরে একটি রেস্টুরেন্ট থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ৩৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে শিববাড়ি এলাকায় ‘ইউরোবাংলা চাইনিজ রেস্টুরেন্টে’ এ অভিযানে পেট্রোল বোমা ও বেশকিছু সরকার বিরোধী লিফলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
জয়দেবপুর থানার ওসি রেজাউল হাসান রেজা জানান, নাশকতার উদ্দেশ্যে জামায়াত-শিবিরের বেশকিছু নেতাকর্মী জমায়েত হয়েছে খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ওই রেস্টুরেন্টে অভিযান চালানো হয়।
পরে সেখান থেকে গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মো. খায়রুল হাসানসহ ৩৪ জনকে আটক এবং ২০টি পেট্রোল বোমাসহ বেশকিছু লিফলেট উদ্ধার করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদের জন্য জয়দেবপুর থানায় নেওয়া হয়েছে।
তাদের মধ্যে কয়েকজন বিগত হরতাল-অবরোধ চলাকালে গাড়ি ভাংচুর, গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও নাশকতার মামলার আসামিও রয়েছে বলে ওসি জানান।
মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির এসএম সানাউল্লাহ জানান, সন্ধ্যায় ওই রেস্টুরেন্টে তাদের কিছু ‘নেতাকর্মী ও সাধারণ মানুষ’ একটি চা চক্রে মিলিত হন। পুলিশ সেখান থেকে তাদের আটক করে নিয়ে যায়।
তাদের কাছে পেট্রোল বোমা কিংবা লিফলেট ছিল না বলে দাবি করেন তিনি।
