ডেন্টাল সোসাইটির নির্বাচন স্থগিতের নির্দেশ
সংক্ষুব্ধ একজনের আবেদনের পরিপ্রেক্ষিতে দন্ত চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির ২০১৫ সালের নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
বৃহস্পতিবার ঢাকার প্রথম সহকারী জজ কানিজ ফাতেমা এ আদেশ দেন। পাশাপাশি কেন এই নির্বাচনের উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে না বিবাদীদের ১০ দিনের মধ্যে তার কারণ জানাতে বলেছেন তিনি।
শুক্রবার এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তার আগের দিন আদালতের এ আদেশ এলো।
নির্বাচনের মাত্র তিনদিন আগে মঙ্গলবার দন্ত চিকিৎসক হুমায়ূন কবির বুলবুল বাদী হয়ে নির্বাচনের উপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে নিম্ন আদালতে আবেদন জানান।
সংগঠনটির নিজস্ব নির্বাচন কমিশনের সব সদস্য এবং ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষকে মামলার বিবাদী করা হয়েছে।
বাদীর আইনজীবী অমিত দাশগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনকে ভোট কেন্দ্র হিসাবে ব্যবহারের জন্য নির্ধারণ করা হলেও উদ্দেশ্যমূলকভাবে গত ৬ জুন নির্বচনী কেন্দ্র মিরপুরে অবস্থিত ঢাকা ডেন্টাল কলেজে স্থানান্তর করা হয়। আর এটি করা হয় নিজাম-টুটুল পরিষদকে অবৈধ সুবিধা দেওয়ার জন্য।”
এছাড়া শুক্রবার নির্বাচন হওয়ার কথা থাকলেও গত মঙ্গলবার পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে সরবরাহ করা হয়নি বলে অভিযোগ করেন বাদী।
