ছাত্রীকে হয়রানি করে মাদ্রাসা শিক্ষক দণ্ডিত
জয়পুরহাটের পাঁচবিবিতে ছাত্রীকে যৌন হয়রানির দায়ে এক মাদ্রাসা শিক্ষককে আট মাসের কারাদণ্ড দিয়েছ ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত সোহরাব হোসেন উপজেলার উচনা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুক এই আদেশ দেন।
একই সঙ্গে দণ্ডিতকে পাঁচ হাজার টাকা জরিমানা ধরে অনাদায়ে আরো এক মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইউএনও নূর উদ্দিন আল ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার অর্ধবার্ষিক পরীক্ষা চলার সময় কক্ষ পরিদর্শক সোহরাব হোসেন সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন। পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে ওই ছাত্রীর কাছ থেকে ঘটনা জানলে ওই শিক্ষকের বিচারের দাবিতে এলাকাবাসী মাদ্রাসা ঘেরাও করে।
পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহিলা ভাইস চেয়ারম্যান দৌলতুন নেছা দোলন ও পাঁচবিবি থানার পরিদর্শক ফরিদ হোসেন ঘটনাস্থলে যান।
সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে তাকে এ দণ্ড দেওয়া হয়।
