২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরীন আফরোজকে হুমকি দিয়ে চিঠি

হুমকি দিয়ে বেনামী চিঠি পাওয়ার পর থানায় সাধারণ ডায়েরি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরীন আফরোজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 07:05 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

চিঠি পাওয়ার পর বৃহস্পতিবার এই আইনজীবী ঢাকার বনানী মডেল থানায় জিডি করেন। তবে তাতে কারও নাম উল্লেখ করা হয়নি বলে থানার এসআই ফরিদা পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বুধবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় ওই চিঠিটি আসে। তিনি বেসরকারি ওই বিশ্ববিদ্যালয়ে আইন পড়ান।

ব্লগে ‘দায়িত্বজ্ঞানহীন’ লেখার মাধ্যমে বিচারাধীন বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর দায়ে ডেভিড বার্গম্যানকে দেওয়া শাস্তিতে উদ্বেগ জানিয়ে বিবৃতিতে আদালত অবমাননার দায়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে শাস্তি দেওয়ার দিনই তুরীন আফরোজকে এই চিঠি পাঠানো হয়।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননা বিষয়ক এই শুনানিতে প্রসিকিউশনের পক্ষে তুরীন আফরোজও ছিলেন। ট্রাইব্যুনালের ওই আদেশের সঙ্গে হুমকির এই চিঠির যোগসূত্র রয়েছে বলে সন্দেহ এই আইনজীবীর।   

তুরীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিঠিটি ফাতেমা বেগম নামে একজনের কাছ থেকে এসেছে। তবে চিঠিতে যে ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে, যা লেখা হয়েছে; তাতে আমার মনে হচ্ছে, চিঠিটি আদালত অবমাননায় অভিযুক্তদের কেউ পাঠিয়েছে।”

ওই চিঠির বিষয়টি বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানসহ অন্য দুই বিচারপতিকেও জানিয়েছেন তুরীন।