জ্যাকেট ছাড়া অভিযান: ৫ ডিবি পুলিশ বরখাস্ত
উর্ধ্বতন কর্মকর্তাদের না জানিয়ে বাহিনীর জ্যাকেট ছাড়া অভিযান চালিয়ে সাময়িক বরখাস্ত হয়েছেন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পাঁচ সদস্য।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার কুসুম দেওয়ান তাদের সাময়িক বরখাস্তের আদেশ দেন বলে অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সাময়িক বরখাস্তরা হলেন- গোয়েন্দা পুলিশের এসআই আমিরুল ইসলাম, এএসআই জহির উদ্দিন, কনস্টেবল শাহ আলম, গোলাম সামদানি ও সোহেল ওমর।
কয়েকদিন আগে ওই পাঁচ গোয়েন্দা সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ সংলগ্ন এলাকার একটি অফিসে অভিযানে গিয়েছিলেন।
ওই অভিযানের অনুমতি তারা নেননি এবং অভিযানের সময় তাদের পরনে বাহিনীর জ্যাকেটও ছিল না বলে গোয়েন্দা পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে।
তানভীর আরাফাত বলেন, পুলিশ কমিশনার আব্দুল জলিল মন্ডলের নির্দেশে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কুসুম দেওয়ান ওই পাঁচজনকে সাময়িক বরখাস্ত করেন। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ওই অভিযানের গোয়েন্দা পুলিশের ওই সদস্যদের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলেও তার কোনো সত্যতা পাওয়া যায়নি বলে উপ-কমিশনার কুসুম দেওয়ান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযানে গিয়ে তাদের বিরুদ্ধে অর্থ নেওয়ার যে অভিযোগ উঠেছে তার কোনো সত্যতা নেই।
“গোয়েন্দা সদস্যদের অভিযানে যাওয়ার কিছু নিয়ম রয়েছে, যা তারা মানেননি। সে কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
