কক্সবাজারে অস্ত্র মামলায় দুই জনের ১৭ বছরের কারাদণ্ড
অবৈধ অস্ত্র রাখার অপরাধে দুইজনকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছে কক্সবাজারের একটি আদালত।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজার স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মোহাম্মদ মাহাবুবুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের মহুরী পাড়ার কাজী হোসেন আহমদ সিকদারের ছেলে মুজিবুল হক ওরফে আনু সিকদার (৪২) এবং পিএমখালীর আব্দুস সালামের ছেলে মমতাজ আহমদ (৩৮)।
আদালত পৃথক দুটি ধারায় তাদের এ দণ্ড দিয়েছে বলে জানিয়েছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী হাবিবুর রহমান।
তিনি বলেন, অবৈধ অস্ত্র রাখার দায়ে ২০০৪ সালে তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় এ মামলা করা হয়। দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত তাদের অবৈধ অস্ত্র রাখার দায়ে ১০ বছর এবং কার্তুজ রাখার দায়ে সাত বছর করে কারাদণ্ড দেয়।
