জনপ্রশাসন পদক: শুরুতেই হোঁচট
জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সৃজনশীল কাজের মূল্যায়নে চালু করা ‘জনপ্রশাসন পদক’ প্রথমবারই হোঁচট খেয়েছে।
ঘোষণা অনুযায়ী ২৩ জুন আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবসে এই পদক দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যারিয়ার প্ল্যানিং ও ট্রেনিং (সিটিপি) অনুবিভাগের অতিরিক্ত সচিব সুবীর কিশোর চৌধুরী।
এর কারণ ব্যাখ্যা করে তিনি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্ধারিত সময়ে এই পুরস্কার ঘোষণার জন্য অনেক আগ থেকেই কাজ শুরুর দরকার থাকলেও তা করা যায়নি।”
নীতিমালা প্রণয়নে দেরি হওয়ার এই পদক দেওয়ার কার্যক্রম গত মার্চ মাসে শুরু হয়েছে জানিয়ে সুবীর চৌধুরী বলেন, মাত্র দুই মাসে সব কাজ শেষ করা বেশ কঠিন।
মাঠ প্রশাসন, অধিদপ্তর, মন্ত্রণালয় ও বিভাগীয় কমিটি মনোনয়ন বাছাই করে জাতীয় কমিটির কাছে যে সব প্রস্তাব পাঠিয়েছে, এখন তা বিবেচনা করা হচ্ছে।
“রোজার পরে নতুন তারিখ নির্ধারণ করে পদক দেওয়া হবে,” বলেন সুবীর চৌধুরী।
পদক নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে এজন্য তড়িঘড়ি করা হচ্ছে না বলেও জানান তিনি।
জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সৃজনশীল কাজে উৎসাহিত করে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গতি আনতে ২৮ জানুয়ারি জনপ্রশাসন পদক নীতিমালা প্রণয়ন করে সরকার।
বাংলাদেশে ১৩ লাখেরও বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
নীতিমালা অনুযায়ী, ৫ জানুয়ারির মধ্যে মনোনয়ন আহ্বান করে ধাপে ধাপে কাজ শেষ করে ১০ মের মধ্যে জাতীয় কমিটিকে পুরস্কারপ্রাপ্তদের চূড়ান্ত মনোনয়ন দিতে বলা হয়েছিল। আর ৩০ মের মধ্যে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে ২৩ জুন এই পুরস্কার ঘোষণার কথা ছিল।
জাতীয় ও জেলা পর্যায়ে সাধারণ ও কারিগরি ক্যাটাগরিতে ‘শ্রেষ্ঠ ব্যক্তি’, ‘শ্রেষ্ঠ দল’ ও ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান’ শ্রেণিতে একটি করে মোট ১২টি পুরস্কার দেওয়া হবে।
জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্তরা নিজের নামের সঙ্গে পিএএ (পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাওয়ার্ডি) লিখতে পারবেন বলেও নীতিমালায় উল্লেখ রয়েছে।
জাতীয় পর্যায়ে তিন ক্যাটাগরির পুরস্কারপ্রাপ্তরা ১৮ ক্যারেট মানের এক ভরি ওজনের স্বর্ণপদক এবং সনদ পাবেন।
এর বাইরে জাতীয় পর্যায়ে ব্যক্তি শ্রেণিতে জনপ্রতি এক লাখ টাকা এবং দলগত অবদানের জন্য সর্বোচ্চ পাঁচ লাখ টাকা দেওয়া হবে। প্রাতিষ্ঠানিক শ্রেণিতে নগদ অর্থ দেওয়া হবে না।
জেলা পর্যায়ে ব্যক্তি শ্রেণিতে পুরস্কারপ্রাপ্তরা সনদ ও ৫০ হাজার টাকা এবং দলগত শেণিতে বিজয়ীদের সনদের সঙ্গে সর্বোচ্চ এক লাখ টাকা দেওয়া হবে।
নীতিমালা অনুযায়ী, জেলা প্রশাসক, অধিদপ্তর বা সংস্থ, মন্ত্রণালয় এবং বিভাগীয় পর্যায়ে একটি করে বাছাই কমিটি রয়েছে। এসব কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে জাতীয় কমিটি পুরস্কারপ্রাপ্তদের চূড়ান্ত মনোনয়ন দেবে।
জাতীয় কমিটির মনোনয়নের ভিত্তিতে প্রধানমন্ত্রী পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করবেন।
