বিশ্ববিদ্যালয়ের জমি কেনায় ‘দুর্নীতি’: মনজুরের বক্তব্য শুনল দুদক
চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালনাধীন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসের জমি ক্রয় নিয়ে দুর্নীতির অভিযোগ তদন্তে এসে সাবেক মেয়র এম. মনজুর আলমের সঙ্গে কথা বলেছেন দুদক কর্মকর্তারা।
দুনীতি দমন কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ের উপ-পরিচালক মিজবাহ উদ্দিন বুধবার সদ্য সাবেক হওয়া মেয়রের সঙ্গে কথা বলেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নগরীর দেওয়ানহাটে মনজুর আলমের ব্যবসায়িক কার্যালয়ে গিয়ে এ বিষয়ে কথা বলেছি।”
এছাড়া বুধবার অভিযোগকারী আলিশা প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক কায়সার চৌধুরীর সঙ্গে কথা বলেছেন বলে জানান তিনি।
এ বিষয়ে মঙ্গলবার অপর সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।
তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি দুদকের এই কর্মকর্তা।
মনজুর আলম মেয়র থাকাকালে ২০১৪ সালে নগরীর ও আর নিজাম সড়কে বিরোধপূর্ণ ৭৪ গণ্ডা জমিতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাস স্থাপিত হয়।
ওই জমির একাংশের মালিকানা দাবি করে আসছে আবাসন শিল্প প্রতিষ্ঠান আলিশা প্রপার্টিজ।
নাম প্রকাশে অনিচ্ছুক আলিশা প্রপার্টিজের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুদকে আমরাই অভিযোগ করেছি। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবু বকর ও আবুল কালাম আজাদ গংয়ের কাছ থেকে জমি কিনেছে।
“আমরা কোনো জমি বিক্রি করিনি। অথচ আমাদের জমিসহ তারা রেজিস্ট্রি করে নিয়েছে। এছাড়া পুরো জমির মূল্য পরিশোধের সময় নয় কোটি ৬০ লাখ টাকা নগদে শোধ করা হয়।”
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সিসিসির মালিকানাধীন প্রতিষ্ঠানে নগদে অর্থ পরিশোধের কোনো সুযোগ নেই বলেও অভিযোগ আলিশা প্রপার্টিজের ওই কর্মকর্তার।
