২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জমি কেনায় ‘দুর্নীতি’ তদন্তে দুদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের মালিকানাধীন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসের জমি কেনায় দুর্নীতি ও মালিকানা বিষয়ক অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 09:11 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

মঙ্গলবার দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের উপ-পরিচালক মিজবাহ উদ্দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

প্রতিষ্ঠাতা হিসেবে এখনও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। সাবেক আরেক মেয়র এম মনজুর আলম ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান থাকাকালেই এ অনিয়ম হয় বলে অভিযোগ।

দুদক কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগের দিন নগরীর উত্তর কাট্টলীতে মনজুর আলমের বাড়িতে যান মহিউদ্দিন। সেখানে দুজন একান্তে ঘণ্টাখানেক আলোচনা করেন।

দুদক উপ-পরিচালক মিজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যদের বিরুদ্ধে সংক্ষুব্ধ একটি পক্ষ অভিযোগ করেছে।

“আমরা ক্যাম্পাসে গেছি। কিছু কাগজপত্রও জোগাড় করেছি। মহিউদ্দিন চৌধুরীর সাথে দেখা হয়েছে।” 

অভিযোগকারী কে জানতে চাইলে মিজবাহ উদ্দিন বলেন, “তা বলার নিয়ম নেই।”

ও আর নিজাম সড়কে বিরোধপূর্ণ ৭৪ গণ্ডা জমিতে ২০১৪ সালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাস স্থাপিত হয়।

ওই জমির একাংশের মালিকানা দাবি করে আসছে আবাসন শিল্প প্রতিষ্ঠান আলিশা প্রোপার্টিজ।

আলিশা প্রোপার্টিজের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুদকে আমরাই অভিযোগ করেছি। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবু বকর ও আবুল কালাম আজাদ গং এর কাছ থেকে জমি কিনেছে।

“আমরা কোনো জমি বিক্রি করিনি। অথচ আমাদের জমিসহ তারা রেজিস্ট্রি করে নিয়েছে।”

বুধবার দুদক কর্মকর্তা এ বিষয়ে আলিশা প্রোপার্টিজের সঙ্গে কথা বলবেন।

বিরোধপূর্ণ ওই জমিতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড লাগানো হয় গত বছরের ৩০ মার্চ। এর আগে গত বছরের ১৯ মার্চ সেখানে মেয়র মনজুর আলমের বিয়েবার্ষিকীর মেজবান আয়োজন করেন মহিউদ্দিন।

গত বছরের ২২ মে সংবাদ সম্মেলন করেন চুক্তিপত্রমূলে ওই জমির একাংশের মালিকানার দাবিদার জহর চক্রবর্তী। উপস্থিত ছিলেন ওয়ারিশান সূত্রে জমির মালিক আবু বক্কর, ইব্রাহিম খলিল, মো. ইলিয়াস, গোলতাজ বেগম ও গোলসান বেগম।

ওই সংবাদ সম্মেলনে মালিকানার দাবিদাররা অভিযোগ করেন, সেসময়ের সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম ও আরেক সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী পুরো জমি দখলের পাঁয়তারা করছেন।

এর আগে গত ২২ এপ্রিল আরেক সংবাদ সম্মেলনে আলিশা প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক কায়সার চৌধুরী ওই জমির একাংশের মালিকানা দাবি করেন।

এরপর গত বছরের ২৭ মে ওই জমিতেই সংবাদ সম্মেলন করে জমিটির মালিকানা ক্রয় সূত্রে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বলে দাবি করেন মহিউদ্দিন ও মনজুর।

২০১৪ সালের ৬ জুন বিকালে ও আর নিজাম সড়কের ওই জমিতে থাকা স্থাপনা অপসারণ করা হয় বলে দাবি করেছিল সিটি করপোরেশন।

এরপর জোর করে জমি দখলের অভিযোগ এনে আলিশা প্রোপার্টিজের এক ভাড়াটিয়া মহিউদ্দিনসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরে ওই মামলা খারিজ করে দেয় আদালত।