২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় প্রেস ক্লাবের কমিটি নিয়ে মামলায় আদালতের নোটিস

জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন ছাড়াই সমঝোতার ভিত্তিতে গঠিত নতুন কমিটির কার্যক্রমের উপর কেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না, সাত দিনের মধ্যে তা জানাতে বলেছে আদালত।   

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2015, 11:08 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

মেয়াদোত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদের একটি দেওয়ানি মামলায় বুধবার কারণ দর্শানোর এই আদেশ দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক শাহাদত হোসেন।

বাদীর প্রধান আইনজীবী মো. ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতীয় প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সদস্য (সবাই নতুন কমিটির) ও অগ্রণী ব্যাংক মতিঝিল প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক, জাতীয় প্রেস ক্লাব শাখার সহকারী মহাব্যবস্থাপক, প্রাইম ব্যাংক মতিঝিল শাখার ব্যবস্থাপক, আরব বাংলাদেশ ব্যাংক কাকরাইল শাখার ব্যবস্থাপককে মূল বিবাদী করে জাতীয় প্রেসক্লাবের ২০১৫-১৬ মেয়াদের ঘোষিত কমিটি অবৈধ ও অকার্যকর মর্মে এক ঘোষণামূলক রায় ও ডিক্রি চেয়েছেন বাদী।”

জাতীয় প্রেস ক্লাবের কামাল উদ্দিন সবুজ ও আবদাল আহমেদ নেতৃত্বাধীন কমিটির মেয়াদ পেরিয়ে যাওয়ার পর নির্বাচন নিয়ে জটিলতার মধ্যে গত ২৮ মে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি সমর্থকদের একাংশ বৈঠক করে সাধারণ সভা করে নতুন কমিটি গঠন করে এবং পদ ভাগাভাগি করে নেয়।

মেয়াদোত্তীর্ণ কমিটিসহ বিএনপি-জামায়াত জোট সমর্থকদের অন্য অংশ নতুন কমিটিকে ‘অবৈধ’ বলে আসছে। সাধারণ সভা করে কমিটি গঠনের ঘোষণাও রয়েছে তাদের।   

ইকবাল বলেন, ‘অবৈধ’ কমিটি যেন ব্যাংকের হিসাব পরিচালনা করতে না পারে, সে জন্য নিষেধাজ্ঞার আদেশ চেয়েছেন বাদী।

“প্রেস ক্লাবের নামে ব্যাংক হিসাব থেকে তারা যেন কোনো লেনদেন করতে না পারেন, সে ব্যাপারে আদালতর হস্তক্ষেপ চেয়েছেন বাদী।”