অপহৃত প্রবাসীকে উদ্ধার, আটক ৫
বগুড়ায় সিঙ্গাপুর প্রবাসী এক যুবককে আটকে মুক্তিপণ দাবির অভিযোগে তিন নারীসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকালে জেলা শহরের খান্দার এলাকায় একটি গ্যারেজ থেকে প্রবাসী আনোয়ার হোসেনকে (২৯) উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন বগুড়া শহরের মালগ্রামের আশরাফুল আলম (২৯), খান্দারের সাখাওয়াত হোসেন পলাশ (৪১), গাবতলীর নদী খাতুন (২৫), সারিয়াকান্দির শিউলী বেগম (২৮), একই এলাকার রত্না খাতুন (১৯)।
ওই সময় সেখানে গোয়েন্দা পুলিশের কনস্টেবল রুহুল আমিনকে পাওয়া যাওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলাম জানান, সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি জোড়গাছা গ্রামের সারোয়ার হোসেনের সিঙ্গাপুর প্রবাসী ছেলে আনোয়ার হোসেন সম্প্রতি দেশে আসেন।
দেশে ফেরার পর নদী নামের এক তরুণীর সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর জেরে নদীর সঙ্গে দেখা করার জন্য আনোয়ার হোসেন বুধবার সকালে বগুড়া শহরে আসেন।
এরপর একটি পার্কে তাদের দেখা হওয়ার পর গ্রেপ্তার তরুণ-তরুণীরা আনোয়ার হোসেনকে আটকে রেখে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে তার পরিবারের কাছে।
ওসি আমিরুল জানান, আনোয়ারের পরিবার বিষয়টি পুলিশকে জানালে গোয়েন্দা পুলিশের একটি দল বিকাল ৪টার দিকে শহরের খান্দার এলাকায় পলাশের গ্যারেজ থেকে আনোয়ার হোসেনকে উদ্ধার করে।
ওই সময় ওই গ্যারেজ থেকে গোয়েন্দা পুলিশের কনস্টেবল রুহুল আমিন ও অপর পাঁচ জনকে আটক করা হয়।
ওসি আমিরুল ইসলাম আরও জানান, গোয়েন্দা পুলিশের কনস্টেবল রুহুল আমিনকে সেখানে পাওয়া যায়। তবে, এই ঘটনায় তিনি জড়িত কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানিয়ে একা ঘটনাস্থলে যাওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
