বজ্রপাতে বাংলাদেশে বছরে মারা যায় সাড়ে তিনশ’ মানুষ
প্রতি বছর বজ্রপাতে বাংলাদেশে তিনশ থেকে সাড়ে তিনশ মানুষ মারা যায় বলে সংসদে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
সম্প্রতি বজ্রপাতে বেশ কয়েকজনের প্রাণহানির প্রেক্ষাপটে বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
জাতীয় পার্টির এম এ হান্নানের প্রশ্নের জবাবে মায়া আরও বলেন, বজ্রপাতে নিহত ব্যক্তিদের তালিকা জেলা/উপজেলা কার্যালয়ে সংরক্ষণ করা হয়ে থাকে। নিহত ব্যক্তিদের পরিবারকে তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত জিআর ক্যাশ বরাদ্দ দেওয়া হয়। এছাড়া আহত ব্যক্তির চিকিৎসার জন্য সর্বোচ্চ ১৫ হাজার টাকা জিআর ক্যাশ হিসেবে বরাদ্দ দেওয়া হয়।
বজ্রপাতের অপঘাত থেকে রক্ষার জন্য জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
ফজিলাতুন নেসা বাপ্পীর এক প্রশ্নের জবাবে মোফাজ্জল হোসেন চৌধুরী জানান, ভূমিকম্পে উদ্ধার কাজের জন্য ইতোপূর্বে ৬৩ কোটি টাকার উদ্ধার যন্ত্রপাতি কেনা হয়েছে। আরও ১৫৮ কোটি টাকার যন্ত্রপাতি কেনার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
