সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে নিহত ৫
সাতক্ষীরার শ্যামনগর ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বজ্রপাতে পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে শ্যামনগরেই মারা গেছেন চারজন।
বুধবার ভোর থেকে সকাল ৭টার মধ্যে বজ্রপাতের এসব ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।
শ্যামনগর থানার ওসি এনামুল হক জানান, তার এলাকায় নিহত চারজনের মধ্যে নকিপুর গ্রামের আমজাদ আলীর স্ত্রী সাজেদা খাতুন (২৫) পানি আনতে যাওয়ার সময় বজ্রপাতের শিকার হন।
অন্যরা হলেন- তারানিপুর গ্রামের আবদুল হামিদ গাজী (৪৫), পরানপুর গ্রামের জিয়াদ আলি (৭০) এবং গাবুরা গ্রামের রহমান পাড়ের স্ত্রী নুরনাহার (২৬)।
এদের মধ্যে আব্দুল হামিদ তার মাছের ঘেরে যাওয়ার সময় এবং জিয়াদ আলী ছাগল চরানোর সময় মারা যান।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান শ্যামনগর থানার ওসি।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নিজের ধানক্ষেতে বজ্রপাতে নিহত হন সাতগাঁও গ্রামের কৃষক মো. নুরুল আমিন (৫০) ।
বিজয়নগর থানার ওসি মো. আবদুর রব জানান, বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান আমিন।
