কর্মস্থলের সামনেই ট্রাকচাপায় প্রাণ গেল শ্রমিকের
কুষ্টিয়ায় ট্রাকচাপা পড়ে সাইকেল আরোহী এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রাশেদুল ইসলাম নামের ৩৫ বছর বয়সী ওই যুবক কাজ করতেন বিআরবি গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজে। তিনি সদর উপজেলার হড়রা গ্রামের ইয়াকুব প্রামাণিকের ছেলে।
বুধবার ভোরে চৌড়হাস এলাকায় নিজের কারখানার সামনেই কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে রাশেদ দুর্ঘটনার শিকার হন বলে হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক খায়রুজ্জামান জানান।
তিনি বলেন, “সাইকেলে করে রাশেদুল বাড়ি থেকে কারখানায় সামনে এসে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান।”
জেলা প্রশাসকের অনুমতি নিয়ে স্বজনরা ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে গেছেন বলে এসআই খায়রুজ্জামান জানান।
