২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মারিও বার্গাস যোসার জীবন ও মিথ্যার সত্য’র মোড়ক উন্মোচন

সাহিত্যে নোবেলজয়ী ল্যাটিন লেখক মারিও বার্গাস যোসার রচনা ও সাহিত্যকর্মের সংকলন ‘মারিও বার্গাস যোসার জীবন ও মিথ্যার সত্য’ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2015, 12:33 AM

Updated : 12 Oct 2022, 03:49 PM

মঙ্গলবার শাহবাগের পাঠক সমাবেশে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহকারী সম্পাদক রাজু আলাউদ্দিন অনূদিত বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাবন্ধিক ও অনুবাদক ড. খালিকুজ্জামান ইলিয়াস। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. আনিসুজ্জামান।  কবি সাংবাদিক নুরুল হুদা ও সাজ্জাদ শরীফ বিশেষ অতিথি ছিলেন।

অনুষ্ঠানে মারিও বার্গাস যোসার জীবন, রাজনৈতিক মতাদর্শ ও সাহিত্যকর্ম নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন সাজ্জাদ শরীফ।

রাজু আলাউদ্দিন তার বক্তব্যে বলেন, “বইটি বেরুনোর পরপরই দুইদিনের মাথায় তা মূল লেখকের (মারিও বার্গাস যোসা) হাতে পৌঁছেছিল। তিনি জানতে পেরেছেন যে, বাংলা ভাষায় তার লেখা অনূদিত হয়েছে।

“এটা আমাদের পরম পাওয়া।”

অন্য বক্তাদের কথায় তার এ বক্তব্যের প্রতিধ্বনি হয়।

সাধারণত বিশ্বের সেরা সাহিত্যকর্মগুলোর বাংলা অনুবাদ বাংলাদেশে অহরহ পাওয়া গেলেও, কপিরাইটের অনুমতি না নিয়েই সেগুলো অনুবাদ করা হয়। তাই বেশিরভাগ সাহিত্যকর্মই যে বাংলা ভাষায় অনূদিত হয়েছে তা বইয়ের মূল লেখকরা জানতেও পারেন না বলে মন্তব্য করেন অনেকে।

বিশেষ অতিথির বক্তব্যে আনিসুজ্জামান বইয়ের সম্পাদক রাজু আলাউদ্দিনকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কাজের মাধ্যমে বিশ্বসাহিত্যের মহৎ কর্মগুলোর সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি কবি নুরুল হুদাও তাকে অভিনন্দন জানান।

সভাপতির বক্তব্যে খালিকুজ্জামান ইলিয়াস বলেন, “ল্যাটিন আমেরিকা পৃথিবীর একমাত্র অঞ্চল, যার প্রতিটি দেশ একাধিক স্বৈরাচার দেখেছে। ফলে ওই দেশগুলোর সাহিত্যকর্মগুলো রচয়িতাদের রাজনৈতিক মতাদর্শ দিয়ে বেশ প্রভাবিত, আবার দেশগুলোতে রাজনৈতিক মতাদর্শ তৈরি করতেও সাহায্য করেছে সেগুলো। রাজনৈতিক উপন্যাসগুলো পৃথিবীর অন্যান্য দেশগুলোর চেয়ে ল্যাটিন আমেরিকাতে অনেক বেশি জনপ্রিয়।”