২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে আইন দাবি

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে ‘জেনোসাইড ডিনাইয়াল’ আইন প্রণয়নের দাবি তুলেছেন একদল তরুণ-যুবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 10:01 PM

Updated : 12 Oct 2022, 03:47 PM

‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে সোচ্চার প্রজন্ম’ ব্যানারে এ দাবিতে মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির রাজু ভাস্কর্যে মানববন্ধন করেন তারা।

এই কর্মসূচি উপলক্ষে ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ইভেন্ট খোলা হয় বলে আয়োজকরা জানান।

ফাতেমা জহুরা নামে এক শিক্ষার্থী মানবন্ধনে আইন প্রণয়নসহ আরও কয়েকটি দাবি তুলে ধরেন।

সেগুলো হলো- বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারী ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওই আইনের প্রয়োগ, কেউ যেন আর কখনোই মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা, মুক্তিবাহিনীর কর্মকাণ্ড অথবা একাত্তরে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের কুকীর্তি সম্পর্কে অসত্য বক্তব্য না রাখতে পারেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি হয় এমন যে কোনো কিছুর বিচার নিশ্চিত করা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “যারা এই দেশের জন্মযুদ্ধের ইতিহাসটাই স্বীকার করে না, এই দেশের কোনো অধিকার-কোনো সুযোগ, সুবিধা তাদের জন্য নয়।

“দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসী বাহিনীর গণহত্যায় অসংখ্য মানুষ মারা যায়। ইউরোপের ১৪টি দেশে সেই গণহত্যাকে অস্বীকার করা শাস্তিযোগ্য অপরাধ। এবছরের ১১ ফেব্রুয়ারি ফরাসি ইতিহাসবিদ ভিনসেন্ট রেনার্ডকে দুই বছরের জেল দেওয়া হয় লজ এগেইনস্ট হলোকাস্ট ডিনাইয়ালের আওতায় মাধ্যমে।”

মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের কমান্ডার রুয়েল আহমেদ বলেন, “আজ আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দিতে পরাজিতরা ষড়যন্ত্র করেই চলেছে।”

এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “তরুণরা হলো এ প্রজন্মের মুক্তিযোদ্ধা। তাদেরকে দেশের স্বাধীনতা- মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে, যাতে করে আর কখনও স্বাধীনতাবিরোধী শক্তি যেন তরুণ প্রজন্মকে বিভ্রান্ত না করতে পারে।

“তাই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে আইন করা হোক এবং এই আইনের আওতায় ইতিহাস বিকৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”

গণজাগরণ আন্দোলনের সংগঠক কামাল পাশা চৌধুরী বলেন, “ইতিহাস বিকৃতি আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। যে দেশের সচিব পর্যন্ত ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে চাকরি করে সেই দেশে ইতিহাস বিকৃতি হওয়াটাই স্বাভাবিক। আমাদের আমলাদের অনেকেই ইতিহাস বিকৃতির সঙ্গে জড়িত।

“তাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ করতে হলে জেনোসাইড ডিনাইয়াল ল প্রণয়ন করতে হবে।”

মানববন্ধনে অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা সাঈফ রাজু, সাংবাদিক অঞ্জন রায়, শহীদ আলতাফ মাহামুদের মেয়ে শাওন মাহমুদ, শহীদ ড. আব্দুল আলিম চৌধুরীর মেয়ে নুজহাত চৌধুরী শম্পা, ব্লগার অমি রহমান পিয়াল ও গণজাগরণ মঞ্চের কর্মী মাহমুদুল হক মুন্সী বাঁধন উপস্থিত ছিলেন।

</div>  </p>