২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ৪ জন রিমান্ডে

কুমিল্লা থেকে কাজের সন্ধানে আসা নারীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 09:37 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফ এ আদেশ দেন।

এর আগে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

গ্রেপ্তাররা হলেন রানা (২৪), তার বন্ধু আলাউদ্দিন (২৫) ও আবুল(২৮) এবং রানার মা বিউটি বেগম (৪৫)।

মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, গত রোববার দুপুরে এক তরুণী, তার স্বামী এবং অবিবাহিত এক চাচাত বোন কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে কাজের সন্ধানে আসেন ঢাকার সায়েদাবাদ।

সেখানে অবিবাহিত তরুণীর প্রেমিক তাজুলের সঙ্গে দেখা করার পর তাজুল তাদের তিন জনকে নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার রসুলপুর এলাকায় বন্ধু পিন্টুর বাড়ি নিয়ে যান।

সেখানে রাতে তাদের দুই বোনকে পিন্টুর মা বিউটি বেগমের সঙ্গে থাকতে দেওয়া হয়। পুরুষরা ছিলেন অন্য কক্ষে।

গভীর রাতে পিন্টুর আপন বড় ভাই রানার নেতৃত্বে আলাউদ্দিন, আবুলসহ আট জন তাদের দুই বোনকে রানার মা বিউটি বেগমের সামনে থেকে তুলে নিয়ে যায়।

সঙ্গে নেওয়া হয় তাদের সঙ্গে দুই পুরুষকেও।  

ওই বাড়ির পাশে নিয়ে দুই পুরুষকে মারধর করে বিবাহিতা তরুণীকে দুর্বৃত্তরা ধর্ষণ করে। অবিবাহিতা বোন কৌশলে নিজেকে রক্ষা করেন।

পরে তারা ধরএণর শিকার তরুণীকে অচেতন অবস্থায় উদ্ধার করেন এবং পুলিশের একটি টহল দলকে জানান।  

ওই সময় টহল পুলিশের দায়িত্বে থাকা ফতুল্লা মডেল থানার এসআই কামরুজ্জামান বলেন, তাদের কাছ থেকে ঘটনা শোনার পর রসুলপুরে যে বাড়িতে তারা ছিল ওই বাড়িতে অভিযান চালিয়ে ধর্ষক রানা, আলাউদ্দিন, আবুল এবং ধর্ষণে সহায়তার অভিযোগে রানার মা বিউটি বেগমকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় ধর্ষণের শিকার তরুণী বাদী হয়ে সোমবার দুপুরে ফতুল্লা মডেল থানায় পাগলা ওয়াসা লেগুনা এলাকার আবুল হোসেন, জনি, সোহেল মিয়া, রানা মিয়া, খোকন, ফারুক, আলাউদ্দিন ও বিউটি বেগমকে আসামি করে মামলা দায়ের করেছেন।