চট্টগ্রামে ‘হামজা ব্রিগেডের’ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম রেল স্টেশন এলাকা থেকে একজন গ্রেপ্তার হয়েছে, যাকে একটি জঙ্গি সংগঠনের সদস্য বলে দাবি করছে র্যাব।
মঙ্গলবার সকালে গ্রেপ্তার হওয়া খালেদ হাসান রাকিব (২২) চাঁদপুর জেলার ফরক্কাবাদ ইউনিয়নের মো. ওবায়দুল গনির ছেলে।
র্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি সোহেল মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সোয়া ৭টায় চট্টগ্রাম রেল স্টেশন এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়।
“সে জঙ্গী সংগঠন শহীদ হামজা ব্রিগেডের সামরিক শাখা হোয়াইট গ্রুপের প্রধান।”
৪ জুন নগরীতে এই সংগঠনের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করে র্যাব।
গত ১২ এপ্রিল পাঁচটি রাইফেল ও পাঁচটি পিস্তলসহ চারজনকে গ্রেপ্তার করার পর র্যাব-৭ এর প্রধান লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা ‘শহীদ হামজা বিগ্রেড’ নামে নতুন একটি জঙ্গি সংগঠন দাঁড় করানোর চেষ্টা করছিলেন।
তার দাবি, র্যাবের অভিযানে গত ১২ ফেব্রুয়ারি হাটহাজারী আবু বকর মাদ্রাসা, ২১ ফেব্রুয়ারি বাঁশখালী লটমনি পাহাড় ও ২৮ ফেব্রুয়ারি নগরীর হালিশহর এলাকা থেকে এবং ১২ ও ১৩ এপ্রিল নগরী থেকে রাইফেল ও পিস্তলসহ গ্রেপ্তার ২৪ জনের সবাই হামজা ব্রিগেডের সদস্য।
এএসপি সোহেল মাহমুদ জানান, গ্রেপ্তারের পর রাকিবকে লটমনি পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প থেকে অস্ত্র উদ্ধারের মামলায় আদালতে পাঠানো হয়েছে।
