নওগাঁয় দেড়শ গাছ কেটেছে দুর্বৃত্তরা
নওগাঁর পত্নীতলা উপজেলায় প্রায় দেড়শটি আম ও ইউক্যালিপটাস গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
সোমবার ভোররাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত খড়াইল সরকারপাড়া গ্রামে এ তাণ্ডব চালানো হয় বলে জানান বাগান মালিক শহিদুল ইসলাম।
এ সময় দুর্বৃত্তদের হামলায় শহিদুল ইসলামের বাবা, মা ও বোন আহত হয়েছেন।
শহিদুল ইসলামের বাবা আমানুল্ল্যাহ সরকার (৫৫) ও মা আবেদা বেগমকে (৪৫) পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া বোন মনিরা (১৬) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শহিদুল ইসলাম বলেন, রাত ৩টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ৭০/৮০ জন দুর্বৃত্ত তার বাড়ি ঘেরাও করে রাখে।
এ সময় তারা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির পাশের আমবাগানের ৪১টি আমগাছ, প্রায় একশটি ইউক্যালিপটাস, একটি নারিকেল ও একটি লিচুগাছ কেটে ফেলে।
পত্নীতলা থানার ওসি আব্দুর রফিক জানান, শহিদুলের আত্মীয় মনোয়ারার সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে এখনও থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
