বজ্রপাতে সার্ভার নষ্ট, বন্ধ পাসপোর্ট অফিসের কার্যক্রম
বজ্রপাতে সার্ভার স্টেশন ক্ষতিগ্রস্ত হয়ে এক সপ্তাহ ধরে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে।
এতে দুর্ভোগে পড়ছে ওই অঞ্চলের পাসপোর্ট করতে আসা লোকজন। বিশেষ করে কর্মসংস্থানের জন্য বিদেশগামী লোকজনের ভোগান্তি হচ্ছে বেশি।
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সিনিয়র সহকারী পরিচালক বিপুল কুমার গোস্বামী জানান, গত ২ জুন বজ্রপাতে পাসপোর্ট অফিসের সার্ভার স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। এতে অফিসের অন্তত ১৫টি কম্পিউটার ও একটি টেলিভিশন নষ্ট হয়ে যায়।
তিনি বলেন, গত দুদিন ধরে ঢাকা থেকে আসা কয়েকজন প্রকৌশলী ক্ষতিগ্রস্ত সার্ভার মেরামতের কাজ করছেন। সার্ভার পুরোপুরি চালু হতে সময় লাগবে।
মঙ্গলবার দুপুর থেকে শুধু পাসপোর্ট প্রদান কার্যক্রম শুরু হয়েছে, তবে নতুন পাসপোর্ট কার্যক্রম কখন থেকে শুরু হবে তা বলতে পারছেন না পাসপোর্ট অফিসের এ কর্মকর্তা।
পাসপোর্ট করতে আসা রনজিত কুমার, কিশোর ও আলম বলেন, প্রতিদিন শতাধিক লোক পাসপোর্ট করতে আসে। গত এক সপ্তাহ ধরে এই অফিসের কার্যক্রম বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
