২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে সদ্য নিয়োগ পাওয়া সেনাসদস্য ‘খুন’

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় সেনাবাহিনীতে সদ্য নিয়োগ পাওয়া এক যুবকের লাশ পাওয়া গেছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।  

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 03:11 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

হরিরামপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বাহিরচর গ্রামে কবরস্থানের পাশে একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার হয়।

নিহত নাঈম বিশ্বাস (১৯) গ্রামের নাজিমুদ্দিন বিশ্বাসের ছেলে। কয়েক মাস আগে তিনি সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ পান। আগামী মাসে তার প্রশিক্ষণে যোগ দেওয়ার কথা ছিল বলে জানান ওসি।   

তিনি বলেন, “নাঈম স্থানীয় কৌড়ি ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।”

নিহতের বাবার বরাত দিয়ে ওসি জানান, মোবাইল মেরামতের জন্য সন্ধ্যার পর নাঈম বাড়ি থেকে আন্ধারমাণিক বাজারের দিকে যান। এরপর আর বাসায় ফেরেননি।

এরপর সকালে বাড়ির পাশে ক্ষেতে লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।