২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংকের ভেতরে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ

সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ভেতরে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর কাছ থেকে অর্থ ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 10:33 PM

Updated : 22 Aug 2022, 12:31 PM

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মতিঝিলে সোনালী ব্যাংকের ভেতরে ছিনতাইচেষ্টার সময় দুজনকে জনতা ধরেও ফেলে। তবে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ জানায়নি বলে পুলিশের দাবি।

তবে ঘটনার স্বীকার ব্যারিস্টার ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, দুজনকে আটকের পর তার সামনেই থানায় কথা বলেছিলেন ব্যাংক কর্মকর্তারা।

ওমর ফারুক বলেন, মতিঝিলে সোনালী ব্যাংকে ৪০০০ পাউন্ড ভাঙাতে গিয়েছিলেন তিনি।

“তখন ৬/৭ জন যুবক আমার কাছ থেকে পাউন্ড ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আমি দুজনকে জাপটে ধরে চিৎকার দিই।”

তখন উপস্থিত সাধারণ মানুষ ও ব্যাংকের নিরাপত্তা শাখার কর্মকর্তারা এসে দুজনকে আটক করে বলে জানান এই আইনজীবী।  

সোনালী ব্যাংকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “একটি চক্র ব্যারিস্টার ওমর ফারুকের কাছে থাকা অর্থ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তবে নিরাপত্তা কর্মকর্তারা তা হতে দেয়নি।”

বিষয়টি ‘সলভ’ হয়েছে দাবি করে এই বিষয়ে আর কিছু জানাতে পারেননি তিনি। 

ওমর ফারুক বলেন, ব্যাংকের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় হওয়ায় এর ব্যবস্থা গ্রহণের বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের উপর ছেড়ে দিয়ে আসেন তিনি। 

“আমার উপস্থিতিতে ব্যাংক কর্তৃপক্ষ দুজনকে আটকের পর মতিঝিল থানার পরিদর্শকের সঙ্গে কথাও বলেছিলেন,” বলেন তিনি।

বিষয়টি নিয়ে জানতে যোগাযোগ করা হলে মতিঝিল থানার পরিদর্শক প্রলয় কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোনালী ব্যাংক থেকে কারও অর্থ ছিনতাইয়ের অভিযোগে ব্যাংক কর্তৃপক্ষ কাউকে পুলিশের হাতে তুলে দিয়েছে, এমনটি জানা নেই।”

মতিঝিল থানার ডিউটি অফিসার এসআই শাহিন হোসেন বলেন, “সোনালী ব্যাংকে কারও টাকা ছিনতাইয়ের চেষ্টা হয়েছে এমনটি জানা নেই। থানায় কেউ আটক নেই।”

তবে ব্যাংকের নিরাপত্তা কর্মকর্তা মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি নিয়ে মতিঝিল থানা পুলিশের সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের কথাও হয়েছিল।