শিক্ষার ১৭৯৫ কর্মকর্তার সুবিধা বাড়ল
৫৮৫ শিক্ষকের বেতন গ্রেড উন্নীত করে ৫৮৫ উপজেলা শিক্ষা কর্মকর্তা ও মাধ্যমিকের ৪২২ জন শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার।
এছাড়া ২০২ জন প্রধান শিক্ষকের গ্রেড উন্নীত করে একজন লাইব্রেরিয়ানকে পদোন্নতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে দুটি বিভাগীয় পদোন্নতি সভায় এসব অনুমোদন হয়েছে বলে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, পঞ্চম গ্রেডে আট বছর সন্তোষজনক চাকরি করায় ৫৮৫ জন সহযোগী অধ্যাপক ও সহকারি অধ্যাপকের বেতন চতুর্থ গ্রেডে উন্নীত করা হয়েছে।
এছাড়া ৫৮৫ জন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চাকরি স্থায়ী করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সভায় ২০২ জন প্রধান শিক্ষকের পদ ষষ্ঠ গ্রেডে উন্নীত করা ছাড়াও লাইব্রেরিয়ান থেকে লাইব্রেরি উন্নয়ন কর্মকর্তা পদে এক জনকে পদোন্নতি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সভায় শিক্ষা, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
