পুরাতন কালেক্টরেট ভবনে বরিশাল জাদুঘর
পুরাতন কালেক্টরেট ভবনে বরিশাল বিভাগীয় জাদুঘরের কার্যক্রম চালু হয়েছে।
সোমবার ফলক উন্মোচন ও ফিতা কেটে জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
উদ্বোধনের পর জাদুঘর ঘুরে দেখেন সংস্কৃতি মন্ত্রী।
এ সময় বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শিরিন আখতার, বিভাগীয় কমিশনার মো. গাউস, জেলা প্রশাসক শহীদুল আলম, পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরীসহ অন্যরা তার সঙ্গে ছিলেন।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মো. আমিরুজ্জামান বলেন, জাদুঘরের দ্বিতীয় তলায় নয়টি গ্যালারিতে বরিশাল বিভাগের ভৌগলিক ও প্রাকৃতিক পরিচিতি, খ্যাতনামা ব্যক্তি, সাংস্কৃতিক ঐতিহ্য, লোকশিল্প এবং বাংলাদেশের প্রত্ন সম্পদ ও ইতিহাস তুলে ধরা হয়েছে।
যে ভবনে বরিশাল বিভাগীয় জাদুঘরটি চালু করা হয়েছে সেই ভবনটিই একটি ‘জাদুঘর’ বলে মন্তব্য করে তিনি জানান, ২০০৩ সালে ভবনটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে সরকার। এরপর ২০০৫ সালে শুরু হয় জাদুঘরে রূপান্তরের কাজ। ২০০৭ সালে ভবনটি সংস্কারের কাজ শেষ হলেও দীর্ঘদিন এর কার্যক্রম শুরু হয়নি।
শিক্ষার্থীদের টিকিট মূল্য ৫ টাকা, সাধারণ দর্শনার্থীদের জন্য ১০ টাকা, সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ২৫ টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য টিকিটের দাম রাখা নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
তবে শিশুদের জন্য জাদুঘরটি পুরোপুরি উন্মুক্ত বলে জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই কর্মকর্তা।
