সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের পাশ থেকে উদ্ধার হওয়া লাশটির পরিচয় জানা যায়নি।
নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি হিমাংশু দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “লাশটির দেহ থেকে দুই পা ও ডান হাত বিচ্ছিন্ন ছিল।”
তিনি বলেন, রাতের কোনো এক সময়ের মধ্যে রেললাইনে বসে থাকা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
লাশটির পরণে একটি সাধারণ প্যান্ট ও গায়ে গেঞ্জি ছিল বলে জানান হিমাংশু দাশ।
