২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দেহের বশে ব্যবসায়ী খুন, গ্রেপ্তার ৩

সাবেক স্ত্রীর সাথে ‘পরকীয়া’ সম্পর্ক আছে এমন সন্দেহের বশে ভাড়া করা লোক দিয়ে চট্টগ্রামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে খুন করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2015, 06:37 PM

Updated : 22 Aug 2022, 12:29 PM

১০ দিন আগে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধারের পর রোববার পর্যন্ত এ ঘটনায় গ্রেপ্তারকৃত তিন আসামিকে জিজ্ঞাসাবাদে এমন তথ্য পেয়েছে পুলিশ।

২৮ মে সকালে রাউজান থেকে বোয়ালখালীর বাসিন্দা মো. ইলিয়াছ ওরফে খোকন সওদাগরের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নগরীর কুয়াইশ এলাকায় তার মুদি দোকান আছে।

এ ঘটনায় আজাদ (৩২), শেখ রাসেল (২২) ও লায়লা আক্তারকে (২৮), লায়লার ভাই জোহায়ের এবং দুই সিএনজি অটোরিকশাচালক কমল ও হারুন।

রোববার বিকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এপর্যন্ত গ্রেপ্তার প্রথম তিনজনের মধ্যে শেখ রাসেল ও লায়লা আক্তারকে হাজির করা হয়।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলার (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, স্ত্রী নাজু আক্তারের সাথে মো. আজাদের মাস দেড়েক আগে ছাড়াছাড়ি হয়। প্রতিবেশী খোকনের সঙ্গে সর্ম্পকের কারণেই নাজু তাকে তালাক দেয় বলে ধারণা হয় আজাদের।

পুলিশ জানায়, তালাকের আগে নগরীর চান্দগাঁও থানার দক্ষিণ কুয়াইশ দোয়াল গাছতল এলাকায় নাজুর বাড়িতেই থাকত আজাদ। নাজুর বাড়ির কাছেই নিহত খোকনের মুদি দোকান।

রাউজান থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, খোকনকে খুন করতে নাজুর দুই ভাড়াটিয়া রাসেল ও লায়লাকে ব্যবহার করে আজাদ। খুনের পরিকল্পনা করতে ২৫ মে আজাদ, রাসেল, লায়লা ও তার ভাই জোহায়ের বৈঠক করে।

“লায়লা ফোন করে খোকনকে একটি অনুষ্ঠানে নিয়ে যাবে বলে দাওয়াত দেয়। ২৭ মে রাতে ওই অনুষ্ঠানে নিতে কয়েকবার খোকনকে ফোন করে রাসেল ও লায়লা।”

খুনের আগে বিভৎসতা

খুনের আগে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে খোকনের জননাঙ্গ কেটে তারই হাতে ধরিয়ে দেয় আজাদ।

রাসেল সাংবাদিকদের বলেন, “দাওয়াতে যেতে কুয়াইশের গোলাইপ্যার দোকান এলাকায় খোকনকে আসতে বলি। 

“সেখান থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে খোকন ও লায়লাকে নিয়ে রওনা হই। সামনে অন্য একটি অটোরিকশায় আজাদ ও জোহায়ের ছিল।”

অটোরিকশা দুটি রাউজানের উরকিরচর ইউনিয়নের পশ্চিম আবুরখীল খলিফাঘোনা স্লুইস গেট এলাকায় গিয়ে থামে।

রাসেল বলেন, “অটোরিকশা থেকে নেমেই আজাদ ও জোহায়ের খোকনকে মারধর শুরু করে। আমি পা চেপে ধরি।  

“আজাদ ছুরি হাতে খোকনের বুকের ওপর বসে পুরুষাঙ্গ কেটে তার হাতে ধরিয়ে দেয়। এরপর জোহায়ের খোকনকে গলা কেটে খুন করে।”

রাউজান থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, “ঘটনার পরদিনই মোবাইল ট্র্যাকিং করে আজাদকে গ্রেপ্তার করি। এরপর শনিবার রাসেল ও লায়লাকে গ্রেপ্তার করা হয়।

“লায়লার ভাই জোহায়ের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। সে টাকার বিনিময়ে এ কাজে অংশ নেয়। দুই অটোরিকশা চালককেও মোট ২০ হাজার টাকা দেয় আজাদ। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”