রংপুরে গরমে ১০ শিক্ষার্থী অসুস্থ
প্রচণ্ড তাপদাহে রংপুরের মিঠাপুকুর উপজেলায় দুটি বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার দুপুরে মিঠাপুকুর উচ্চ বিদ্যালয় ও পাইকান উচ্চ বিদ্যালয়ের এ শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে বলে জানান মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশীদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অর্ধবার্ষিকী পরীক্ষা চলাকালে মিঠাপুকুর উচ্চ বিদ্যালয় ও পাইকান উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।”
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, প্রচণ্ড গরমে স্যালাইন ও বেশি করে পানি না খাওয়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে রংপুরের সিভিল সার্জন ডা. মোজাম্মেল হোসেন বলেন, গরমের কারণে এমন হয়েছে। এতে ভয়ের কোনো কারণ নেই, বেশি পরিমাণে পানি খেলে সমস্যা হবে না।”
রংপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত আবহাওয়াবিদ মোহাম্মদ আলী বলেন, গত ৩ জুন থেকে রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের রয়েছে।
বৃষ্টি না হলে এ তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানান তিনি।
