বাবাকে কুপিয়ে মারল ছেলে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ছেলের দায়ের কোপে নিহত হয়েছেন এক ব্যক্তি। হামলাকারী তার বোনকেও কুপিয়েছে।
নিহত মো. সুরুজ মিয়া (৬৫) উপজেলার মুকন্দপুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের বাসিন্দা।
রোববার সকাল সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে বলে বিজয়নগর থানার ওসি মো. আব্দুর রব জানিয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি রব বলেন, সকালে ঘরে একসঙ্গে বসে কাঁঠাল খাওয়ার সময় হঠাৎ করেই সুরুজ মিয়াকে এলোপাতাড়ি কোপাতে থাকেন ছেলে আপেল মাহমুদ (৪০)।
“সুরুজ মিয়া ঘটনাস্থলেই মারা যান। ছোট বোন সুরাইয়া বাধা দিতে আসলে আপেল তাকেও কুপিয়ে আহত করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে আপেলকে ধরে পুলিশে খবর দেয়।”
আহত সুরাইয়াকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি রব।
