শিশু হত্যার দায়ে ৩ জনের ফাঁসি
কক্সবাজারে ছয় বছরের এক শিশুকে অপহরণের পর হত্যার দায়ে দুই রোহিঙ্গাসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রোববার বেলা ১২টার দিকে কক্সবাজারের জেলা ও দয়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার দুই বছর আগের এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।
রায়ের সময় তিন আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন বলে এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মমতাজ আহমেদ জানান।
সাজাপ্রাপ্তরা হলেন- আবদুল খালেক, বাহাদুর মিয়া ও আবদুস শুক্কুর।
এদের মধ্যে খালেক ও শুক্কুর মিয়ানমারের নাগরিক বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী অরূপ বড়ুয়া তপু।
মামলার আরেক আসামি জসীম উদ্দিনকে খালাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।
অরূপ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৩ সালে ৪ জুলাই কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকা থেকে নুরুল হকের ছেলে হৃদয় মনিকে (৬) অপহরণ করা হয়। মুক্তিপণের জন্য তিন লাখ টাকা দাবি করে অপহরণকারীরা।
ওই টাকা না পেয়ে তারা হৃদয়কে হত্যা করে। পরদিন সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ওই ঘটনায় ৬ জুলাই কক্সবাজার সদর থানায় চারজনকে আসামি করে মামলা করেন বাবা নুরুল হক। তদন্ত শেষে ২০১৪ সালের ২০ এপ্রিল পুলিশ অভিযোগপত্র দেয়।
ছেলে হত্যার বিচার পেয়ে রায়ের পর সন্তোষ প্রকাশ করেছেন নুরুল হক।
